মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী দণ্ডিত আসামি পাসপোর্ট পান না। পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কেউ ন্যূনতম দুই বছরের দণ্ড পেলে কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দেয় না। নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দও করা যায়। তাঁর ভাষ্য, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনের মধ্যে পড়ে।

দেশে ফিরতে চাইলে শেখ হাসিনার কী করা উচিত, সে বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, 'যদি সত্যিকারের অর্থে আসতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।'

চিফ প্রসিকিউটর আরও বলেন, রায় প্রকাশের পর শেখ হাসিনা কোনো আপিল করেননি। এ অবস্থায় তাঁকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে উপহাসের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ওঠে। সভা সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভায় সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এ বিষয়ে কিছু বলেননি।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার জানায়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, হাইকমিশনে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না।

তথ্যসূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম