পাতাটি খোলা হচ্ছে...
হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল ঢাকায় পাঠাল দিল্লি হাইকমিশন, 'পাসপোর্ট দেওয়া হবে না' বলল সরকার
শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে লন্ডনের আইনি প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইল পেয়ে তা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, তাঁকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। আর চিফ প্রসিকিউটর বলছেন, এসব 'পলিটিক্যাল স্ট্যান্ডবাজি'।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলটি পাঠানো হয়।
দিল্লির একটি কূটনৈতিক সূত্র সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে প্রথম আলো। ই-মেইল পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে হাইকমিশন বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের ভাষ্য, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা 'অথরাইজেশন'-সংক্রান্ত কোনো নথি ছিল না। ফলে এটি যে শেখ হাসিনার নিজের আবেদন, তা বোঝার উপায় নেই। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সাধারণত ওই ব্যক্তির অনুমোদনপত্র থাকে।
'পাসপোর্ট দেবে না বাংলাদেশ'
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তিনি শেখ হাসিনাকে 'পলাতক' ও 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি' উল্লেখ করে আবেদনটিকে 'হাস্যকর' বলে মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, 'তিনি আসতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে।' এ বিষয়টি ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনার হয়ে কাজ করা লবিস্টদের প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, 'শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তাঁর হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?'
'পলিটিক্যাল স্ট্যান্ডবাজি'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, 'শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।' তাঁর মতে, শেখ হাসিনা দেশে ফিরবেন না। দেশে ফিরতে আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করছেন না।
এ বিষয়ে আইনগত অবস্থান ব্যাখ্যা করে মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
বার্তা সংস্থা রয়টার্স সোমবার জানায়, দেশে ফিরতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
তথ্যসূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রথম আলো, এনপিবি নিউজ, রয়টার্স



