নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেসবুকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে পাটগাতী বাজারে গিয়ে তাঁরা যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর পাটগাতী বাসস্ট্যান্ডে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ হয়েছে।

পদ্মা সেতুর কাছে গভীর রাতে অবরোধ

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে নাওডোবা এলাকায় লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সেখানে ৭০০ থেকে ৮০০ জন জড়ো হয়েছিলেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

প্রায় এক ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর ওপরসহ আশপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও রাজশাহীতেও মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জ ও রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় গোপালগঞ্জে আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: পুলিশ, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার বাংলা