দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সোমবার (৯ নভেম্বর) এ খবর দিয়েছে।

রয়টার্স জানায়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিটি দেখেছে রয়টার্স। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জেনেছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুততম সময়ে আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

এপিকে শেখ হাসিনার একজন সহকারী বলেন, এই আবেদন তাঁর দেশে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তবে শেখ হাসিনার সহযোগীরা রয়টার্সকে জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ফেরার তারিখ ঘোষণা করা হবে।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর।

আবেদনের বিষয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে সরকারের অবস্থান আগেই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রসঙ্গকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ‘সন্ত্রাসী আর অপরাধীকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হস্তান্তর হয়।’ তাঁর ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি প্রক্রিয়া বিদ্যমান, তাই তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা কারাগারে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কয়েক দফা চিঠি দিলেও দিল্লির কোনো উত্তর পাওয়া যায়নি। ভারত বলে আসছে, বিষয়টি আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স, এপি, প্রথম আলো, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দেশ রূপান্তর