পাতাটি খোলা হচ্ছে...
মিরপুরে মেট্রোস্টেশনের নিচে বাসে আগুন দেওয়ার চেষ্টা, রাতে সেতু ভবন ও সাভারে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোয় কেউ হতাহত হননি। একই রাতে বনানীতে সেতু ভবনের গার্ড রুম, সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পল্লবী মেট্রোস্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, বাসটি মাত্র ট্রিপ শেষ করে ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে ছিল। ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিলেন, তখনই বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। এতে কেউ হতাহত হননি, তবে বাসের পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ পুড়ে গেছে।
সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগের দিন রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় গাড়িটির চালক আহত হন।
এদিকে শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বনানী থানা এলাকায় সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। বিস্ফোরণে গার্ড রুমের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করা হয়েছে। সেখানে আরেকটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
শনিবার সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। আর মধ্যরাতে, রাত ১২টা ৩৪ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), প্রথম আলো, ঢাকা পোস্ট, রাইজিংবিডি, জাগো নিউজ, আমার সংবাদ, কালবেলা



