রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ জন পুরুষ ও চারজন নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ঢুকে পড়ে। এরপর সেখানে ভাঙচুর ও মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেড় মাস আগেও একই আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটেছিল। গত ২৬ সেপ্টেম্বর রাতে সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সে সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশ করা ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেপ্টেম্বরের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। হামলার অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তথ্যসূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), প্রথম আলো, জাগো নিউজ, ঢাকা পোস্ট, রাইজিংবিডি