সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ-সৌদি আরব রুটে ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা থাকা এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ২৩ হাজার ৮৫ জন। শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ২১টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সৌদি আরব বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে বড় গন্তব্য। এ ছাড়া প্রতি মাসে হাজারো মানুষ ওমরাহ পালনে দেশটিতে যান। ফলে এসব ফ্লাইট বাতিলের প্রভাব সরাসরি পড়ছে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মী ও ওমরাহযাত্রীদের ওপর।

তথ্যসূত্র: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), দৈনিক আমার দেশ, নিউজবাংলা২৪, রাইজিংবিডি