গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে হচ্ছে ১১ হাজার টাকা। নতুন এ সিদ্ধান্ত শনিবার (৭ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন। দুপুর পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি সমাবেশে যোগ দেন।

বেতনের পাশাপাশি অবসরের সময় পাওয়া আনুতোষিক ভাতাও বাড়ছে। গ্রাম পুলিশ সদস্যদের ক্ষেত্রে তা ৫০ হাজার থেকে বেড়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার থেকে বেড়ে এক লাখ টাকা হবে। যোগাযোগের সুবিধার জন্য প্রত্যেক সদস্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। থানায় যাতায়াতের সাপ্তাহিক ভাতা সদস্যদের ক্ষেত্রে ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং প্রধানদের ক্ষেত্রে ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে মহল্লাদার ও দফাদার হিসেবে পরিচিতরা এখন থেকে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত হবেন।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি হবে ছয় মাস।

গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নামকরণ গ্রাম পুলিশের নামে করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে, আর গাছ বিক্রির টাকা সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া পাঁচ বছরের বদলে তিন থেকে সাড়ে তিন বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের নতুন সাইকেল দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: প্রথম আলো