মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বাগেরহাটের মোংলায় এক অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা।

প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি, একটি আধুনিক কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড ও পণ্য ওঠানো-নামানোর সুবিধা গড়ে তোলা হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো থেকে সরাসরি মোংলা বন্দরে কনটেইনার ট্রেন চলবে।

প্রধানমন্ত্রী বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।" খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে মনে করেন তিনি। পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ বাড়ানো, খানজাহান আলী বিমানবন্দর চালু এবং এ অঞ্চলের শিল্পে গ্যাস সরবরাহের কথাও বলেন প্রধানমন্ত্রী।

বন্দরে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক অংশীদার, উন্নয়ন সংস্থা ও প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ, জাহাজের বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল অবকাঠামোর ওপর জোর দেন। সহযোগিতার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেন বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী বন্দর চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

তথ্যসূত্র: ইউএনবি, দ্য ডেইলি স্টার