পোশাক খাতে অস্থিরতা উসকে দিতে অর্থ জোগানো হয়েছে—এমন সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআর সূত্রের বরাতে দ্য ডেইলি স্টার জানিয়েছে, সংস্থাটির দুটি গোয়েন্দা শাখা—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তির হিসাব খুঁজে জব্দ করতে এবং প্রতিষ্ঠানগুলোর লেনদেনের তথ্য পাঠাতে বলেছে। কয়েকজনের পরিবারের সদস্যদেরও এর আওতায় আনা হয়েছে।

তালিকার বেশির ভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য ও এনভয় গ্রুপের মালিক আব্দুস সালাম মুর্শেদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি। এ ছাড়া কয়েকটি শিল্পগোষ্ঠীর কর্ণধারের নামও তালিকায় আছে। তালিকার কেউ কেউ কারাগারে, কেউ কেউ পলাতক বলে জানা গেছে।

সরকার অভিযোগ করে আসছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও ব্যবসায়ী পোশাক খাতের অস্থিরতায় উসকানি ও অর্থ দিচ্ছেন। সেই অর্থ কোন পথে এসেছে, তা খুঁজে বের করতেই এই উদ্যোগ। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, "আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।"

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার