দেশের আট বিভাগেই শনিবার (৩১ অক্টোবর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বইতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

নতুন লঘুচাপ

দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। অন্যদিকে ভারতের ছত্তিশগড় এলাকার স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে।

আগের দিনের তাপমাত্রা

শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয় নেত্রকোনায়, ৫৭ মিলিমিটার।