ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী। রাষ্ট্রপতি ২৫ অক্টোবর এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বরখাস্তের আদেশ কার্যকর হবে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে।

কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত

প্রজ্ঞাপনে বলা হয়, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(ঘ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে 'কর্মস্থল ত্যাগের' অভিযোগ আনা হয়। বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে যোগাযোগ করেও তাঁকে কাজে ফেরানো যায়নি।

চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি তিনি। ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, যিনি ৬ আগস্ট প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানান। ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব আসেনি।

পরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ অক্টোবর তাঁকে বরখাস্তের সুপারিশ করে।