ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে। একই সঙ্গে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে। একই সঙ্গে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয়ে প্রভাব ফেললেও বাজার স্থিতিশীল রাখতে সরকার সতর্ক রয়েছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে কোনো সমস্যা হলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার সঙ্গে এফটিএর লক্ষ্য ২০২৭ সাল
বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পাদনের লক্ষ্য রয়েছে সরকারের।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানিতে অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হবে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন রপ্তানি বাজার সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
