পাতাটি খোলা হচ্ছে...
অপসারণের আদেশ প্রত্যাহার, জ্যেষ্ঠতা ও বকেয়া বেতনসহ দুদকে ফিরলেন শরীফ উদ্দিন
প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রায় পৌনে পাঁচ বছর পর চাকরিতে ফিরলেন তিনি, পাবেন জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা।

উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা পাবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
চট্টগ্রামে থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন শরীফ। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।
শরীফের চাকরিচ্যুতি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনও হয়েছিল। দুদক (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধির ক্ষমতাবলে তখন তাঁকে অপসারণ করা হয়েছিল।
তথ্যসূত্র: দুর্নীতি দমন কমিশন, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



