পাতাটি খোলা হচ্ছে...
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবেন আনোয়ার ইব্রাহিম। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও শ্রমবাজারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া গত জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ
আনোয়ার ইব্রাহিমের সফরের আগে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ২০২৪ সাল থেকে বন্ধ থাকা এই শ্রমবাজার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী বাছাইয়ের কাজ চলছে।
সফর ঘিরে আন্তমন্ত্রণালয় প্রস্তুতি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। এবারের সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক এবং সম্ভাব্য চুক্তিগুলো ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



