পাতাটি খোলা হচ্ছে...
ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন একটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সাক্ষী না আসায় সেদিন মামলার শুনানি হয়নি।

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন একটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে তিনি পালান। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানাজানি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাসির আহম্মেদ জানান, আসামিকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। মামলার সাক্ষী না আসায় সেদিন শুনানি হয়নি। একপর্যায়ে তিনি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা জানান, পালিয়ে যাওয়া আসামির বাড়ি নেত্রকোনায়। তিনি ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি। এক পোশাকশ্রমিক হত্যার অভিযোগে করা মামলাটির বিচার চলছে। মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
তথ্যসূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



