নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

গত রোববার উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। তিন দিন পর মঙ্গলবার তিনি কারামুক্ত হলেন। কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, বেলা সোয়া দুইটার দিকে আলমাসের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আলমাসের মুক্তির অপেক্ষায় কারাফটকে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও স্বজনেরা। তাঁকে দেখতে দোহারের বাড়িতে জড়ো হন প্রতিবেশীরা।

এ ঘটনায় অস্ত্র মামলার প্রকৃত আসামি কে, তা তদন্তেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

তথ্যসূত্র: কেন্দ্রীয় কারাগার, ঢাকা; প্রথম আলো