রাজধানীর মিরপুরের রূপনগরে নূপুর আক্তার (১৯) নামে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুপুরের খাবার খেতে সহকর্মীদের সঙ্গে বাসায় ফিরছিলেন নূপুর। কারখানা থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর এক যুবক তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। নিজেকে রক্ষার চেষ্টা করেও হামলার হাত থেকে বাঁচতে পারেননি তিনি। পরে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নূপুর ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়দের ভাষ্য, হামলার পর অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ মোহাম্মদ রায়হান মিয়া (২০) নামে এক যুবককে আটক করে।