পাতাটি খোলা হচ্ছে...
শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এক মাদ্রাসাশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনায় জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে এ ঘটনায় জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অপর আসামির বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
শিশুটির মা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার বাংলা



