মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার (৮ নভেম্বর) গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রেল কর্তৃপক্ষ জানায়, ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন কায়রো-আসওয়ান রুটে চলা আরেকটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের একটি সড়কে গিয়ে পড়ে। কয়েকটি বগি উল্টে যায়।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১২৫ জনের বেশি আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ১১২ জন বলা হয়েছিল। ৭০টির বেশি অ্যাম্বুলেন্সে আহতদের কাছের হাসপাতালগুলোতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টে যাওয়া বগির নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে গ্রামবাসী, উদ্ধারকর্মী ও রেলকর্মীরা একসঙ্গে কাজ করেন। আহতদের অনেকের মাথায় আঘাত লেগেছে, কারও হাত-পা ভেঙেছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি গভীর উদ্বেগের সঙ্গে দুর্ঘটনার খোঁজ রাখছেন। কারও গাফিলতি পাওয়া গেলে তাঁকে জবাবদিহির আওতায় আনতে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

আল-আইয়াত এলাকাতেই ২০০২ সালে মিসরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় ছুটিতে যাত্রী বহনকারী একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন।

প্রায় ১১ কোটি মানুষের দেশ মিসরের যাতায়াতের বড় মাধ্যম রেল। গত এক দশকে মহাসড়ক ও দ্রুতগতির রেলে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করলেও আফ্রিকার অন্যতম বড় এই রেল নেটওয়ার্কের পুরোনো যাত্রীসেবার বড় অংশের আধুনিকায়ন এখনো হয়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা, সিএনএন, এএফপি