ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালত দেওয়ানি সমন জারি করেছেন।

ভারত সরকার মঙ্গলবার (১০ নভেম্বর) এই সমনকে 'বানানো ও বিদ্বেষপূর্ণ' বলে উল্লেখ করেছে। দেশটির দাবি, শিখ ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনের করা এই মামলা 'তুচ্ছ' এবং এর কোনো ভিত্তি নেই। পান্নুনকে ভারত 'খালিস্তানি সন্ত্রাসী' বলে থাকে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আইনি নথিপত্র বা সমন পাঠানোর অনুরোধ কেবল দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠানো যায়।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়টি কূটনৈতিক বার্তার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে জানিয়েছে।

তথ্যসূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রথম আলো