কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখতে পাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) সকালে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বে-তে, অর্থাৎ নিরাপদ দূরত্বের বিশেষ পার্কিং এলাকায় নেওয়া হয়।

বিমানবন্দর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে বার্তাটি লেখা হয়েছিল।

এরপর উড়োজাহাজটিতে তল্লাশি শুরু হয়।

তথ্যসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি স্টার বাংলা