ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ খুলনায় পপির গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পপি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানি। মুক্তির পর সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়।