ময়মনসিংহ নগরে জুলাই আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাস্ক ও সাদা ক্যাপ পরা কয়েক ব্যক্তি চত্বরে এসে একটি টায়ারে আগুন দেন। কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে।

আগুন ও কালিতে চত্বরে থাকা সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়।

আমরণ অনশন

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে চত্বরে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।

আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত একটি চত্বরও যদি নিরাপদ না থাকে, তাহলে নগরবাসীর নিরাপত্তা কোথায়? তিনি শহীদ সাগর হত্যার বিচার, চত্বরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আলী হোসেন বলেন, জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের অনশন চলবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন সাগর। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরে সিটি করপোরেশনের উদ্যোগে তাঁর স্মরণে চত্বরটি নির্মাণ করা হয়।

তথ্যসূত্র: ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা