পাতাটি খোলা হচ্ছে...
কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তালিয়ায় বিশ্বনেতাদের সম্মেলনে ১২ নভেম্বর বক্তব্য দেবেন তিনি। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সরকারি সফরে দেশটিতে থাকবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তুরস্কের আন্তালিয়ায় ১১ ও ১২ নভেম্বর কপ৩১-এর বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রসচিব জানান, সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকটি হলে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব। চীনের শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এবারের জলবায়ু সম্মেলনের আয়োজক তুরস্ক। আর আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ায় সহসভাপতির দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়া।
তথ্যসূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ইউএনবি



