রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী।

অরুণা চাকমা জানান, রোববার রাতে তাঁর ননদ মুঠোফোনে কল দিয়েছিলেন। ঘরের ভেতরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না, তাই তিনি কথা বলতে উঠানে বের হন। মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতের অন্ধকারে হামলাকারীদের তিনি দেখতে পাননি।

প্রতিবেশী কল্পনা চাকমা জানান, হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর তিনি অরুণার চিৎকার শোনেন। ঘর থেকে বের হয়ে দেখেন, অরুণা মাটিতে লুটিয়ে পড়েছেন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর মধ্যরাতে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর শরীরের দুটি স্থানে, ডান পায়ের হাঁটুর ওপরে ও ডান হাতের কনুইয়ের ওপরে, গুলি লেগেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে যুক্ত। বেশ কিছুদিন ধরে তিনি কারাগারে আছেন। এরপর থেকে কৃষিশ্রমিকের কাজ করে দুই কন্যাসন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন অরুণা। গুলির সময় সন্তানেরা ঘুমিয়ে ছিল।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা জানান, ঘটনাস্থলটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। কারা গুলি করেছে, তা জানা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: সাজেক থানা পুলিশ, খাগড়াছড়ি সদর হাসপাতাল, প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন