পাতাটি খোলা হচ্ছে...
ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ৩; রাতে সিআইডি কার্যালয় ও পল্লবী থানায়ও
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোববার সন্ধ্যায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রাতে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানার ফটকেও ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার বিস্ফোরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানান, সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে সংঘবদ্ধভাবে এসব ককটেল ফাটানো হয়। টিএসসি, নীলক্ষেত, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটক এবং বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝের রাস্তায় বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল ফাটিয়ে দুজন পালানোর চেষ্টা করছিলেন। মেট্রোরেল-সংলগ্ন এলাকায় উপস্থিত লোকজন তাঁদের ধরে ফেলেন এবং মারধর করেন। পরে আরও একজনকে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে সাতটার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় লক্ষ্য করে উড়াল সড়ক থেকে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।
প্রায় একই সময়ে পল্লবী থানার মূল ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, এটিও উড়াল সড়ক থেকে ছোড়া হয়েছিল।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ভাটারার ১০০ ফুট সড়কে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২০ ঘণ্টায় রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে। প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে এবং জড়িত কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরেই নাশকতার ঘটনা ঘটছে বলে পুলিশের ধারণা।
এদিকে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে চিঠি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), প্রথম আলো, রাইজিংবিডি, ঢাকা পোস্ট



