ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে সারা দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে, ফলে কয়েক ধাপে এ নির্বাচন সম্পন্ন হবে।

ইসি সচিব আরও জানান, সামনের কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে ইসি। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারের জন্য এই তথ্য নেওয়া হবে। তবে পরিকল্পনাটির বিস্তারিত এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: নির্বাচন কমিশন, দৈনিক আমার দেশ, দেশ রূপান্তর, বাংলা পোস্ট, দেশেবিদেশে, ঢাকা পোস্ট, বাংলানিউজ২৪