জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশের আবেদনের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয় ১৭ বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই বছরের ২৬ আগস্ট তার বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা ও ইকবাল সোবহান চৌধুরীসহ ২৩৩ জনকে আসামি করা হয়।

শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের সময় ইকবাল সোবহান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতেন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেন। সুবিধা নিতে তিনি শেখ হাসিনার আনুকূল্য পেতে চাইতেন, তথ্য উপদেষ্টা পদও পেয়েছিলেন এভাবে। পদের অপব্যবহার করে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স বাণিজ্যেও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বিকেল পৌনে চারটার দিকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ইকবাল সোবহানকে আদালতে আনা হয়। তাঁর আইনজীবী চৌধুরী মো. গালিব রাগিব জানান, জামিন আবেদন করা সম্ভব হয়নি; তবে কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা চাওয়া হয়েছে। তিনি বলেন, "তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও বয়স্ক মানুষ।" ডিভিশনের বিষয়ে কারা কর্তৃপক্ষ যাতে সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য আদেশে তাঁর বিষয়ে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার