পাতাটি খোলা হচ্ছে...
মজুরির দাবিতে বিক্ষোভ: সাভার-আশুলিয়ায় ৭০ কারখানায় ছুটি, গ্রেপ্তার ২৫-৩০
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে সাভার ও আশুলিয়ায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই শিল্পাঞ্চলে কারখানা আছে মোট ১ হাজার ৮৬৩টি।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্ষোভকারীরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। পুলিশ সড়ক খালি করতে গেলে ইটপাটকেল ছোড়া হয় এবং শিল্প পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সকাল সাড়ে নয়টার দিকে দোসাইদ এলাকায় ফেব্রিকা নিট কম্পোজিট কারখানার দুটি ফটক ভাঙচুর করা হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়; আশপাশের কারখানাগুলোও ছুটি ঘোষণা করে।
পুলিশের সঙ্গে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া ও সাভারে ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে আটটি।
ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, একটি গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির জন্য শ্রমিকদের আবেগ কাজে লাগাচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিরা শ্রমিক নন। কারখানা, সড়ক ও আবাসিক এলাকায় শ্রমিকদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টুর দাবি, গ্রেপ্তার সবাই শ্রমিক। তিনি বলেন, "আমরা এসব গ্রেপ্তার, মামলা ও হামলার তীব্র নিন্দা জানাই।" তাঁর মতে, শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া এ সমস্যার সমাধান হবে না।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার



