অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ২০টি সানস্ক্রিনের মধ্যে ১৬টিই প্যাকেটে উল্লেখ করা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সানস্ক্রিনের মান নিয়ন্ত্রণে কঠোর নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে দেশটির ওষুধ ও চিকিৎসাপণ্য নিয়ন্ত্রক সংস্থা থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)।

ভোক্তা অধিকার সংগঠন চয়েসের ২০২৫ সালের পরীক্ষায় এ অসংগতি ধরা পড়ে। পরীক্ষায় আলট্রা ভায়োলেটের একটি এসপিএফ ৫০+ সানস্ক্রিনের সুরক্ষামান পাওয়া যায় মাত্র ৪। বন্ডি স্যান্ডসের দুটি সানস্ক্রিনের এসপিএফ পাওয়া যায় যথাক্রমে ২৬ ও ৩২, যদিও প্যাকেটে এসপিএফ ৫০+ উল্লেখ ছিল।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বাজারজাত করার আগে প্রস্তুতকারকদের বিক্রির জন্য তৈরি চূড়ান্ত পণ্যের এসপিএফ পরীক্ষা করতে হবে এবং পরীক্ষার ফল নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে হবে। পণ্যের মেয়াদকালেও পুনরায় পরীক্ষা চালানোর বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে নিয়ন্ত্রক সংস্থা বিশেষভাবে না চাইলে পরীক্ষার ফল জমা দেওয়া বাধ্যতামূলক নয়। নতুন প্রস্তাব কার্যকর হলে পরীক্ষার তথ্য সংরক্ষণ ও প্রয়োজনে দ্রুত সরবরাহ করতে হবে।

চয়েসের পক্ষ থেকে প্রস্তাবকে স্বাগত জানানো হলেও পরীক্ষার ফল জনসমক্ষে প্রকাশ এবং নিয়মিত স্বাধীন তদারকির দাবি জানানো হয়েছে।

ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি তিনজনের প্রায় দুজন জীবদ্দশায় ত্বকের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এ রোগে বছরে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।