পাতাটি খোলা হচ্ছে...
গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত, বাস ও চালক আটক
রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরেক নারী। বাসটি ও এর চালককে আটক করেছে পুলিশ।

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম দেলোয়ারা বেগম (৭০)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় আহত মনোয়ারা বেগম (৭৫) হাসপাতালে ভর্তি আছেন। দেলোয়ারা ও মনোয়ারা সম্পর্কে বোন।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, গাবতলীর পর্বত এলাকায় তিন নারী একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ঢাকায় চলাচলকারী চাঁদনি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান।
ওসি জানান, বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: দারুসসালাম থানা, প্রথম আলো



