সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

এ ছাড়া আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কাজ করেন। বৃষ্টির সময় নিচু এলাকা ও উপত্যকা এড়িয়ে চলা এবং কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে চলা জরুরি।

তথ্যসূত্র: সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম), প্রথম আলো