মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতির কারণে আশুলিয়ায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আহত দুজন একটি পোশাক কারখানার শ্রমিক। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা রাবার বুলেটে আহত হয়েছেন। তাঁদের একজনের আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের দাবি, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয়নি।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কারখানার ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। দিনের পরের দিকে কোনো কোনো সংবাদমাধ্যম ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা শতাধিক বলে খবর দিয়েছে।

পোশাকশ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হয়েছে সোমবার। সেখানে শ্রমিকপক্ষ মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

তথ্যসূত্র: আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার বাংলা