বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম 'নুসুক' (Nusuk) অ্যাপে একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এ সুযোগ দেওয়া হচ্ছে। সরাসরি আবেদন নয়, কুইজে সঠিক উত্তর দেওয়া ব্যবহারকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হবে।

গত ১ নভেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিশ্বের যেকোনো দেশের মুসলিমরা এতে অংশ নিতে পারবেন।

বিজয়ীরা যা পাবেন

প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ দেওয়া হবে। প্রতিটি প্যাকেজে বিজয়ী একজন সঙ্গী নিতে পারবেন, অর্থাৎ দুজন ওমরাহ করতে পারবেন। প্যাকেজে থাকছে—

  • যাওয়া-আসার বিমান টিকিট

  • ওমরাহ ভিসা ও প্রক্রিয়াকরণ খরচ

  • মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে ২০ কার্টন করে জমজমের পানি দেওয়া হবে। এর ১০ কার্টন বিজয়ীর নিজের জন্য, বাকি ১০ কার্টন প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য।

অংশ নেবেন যেভাবে

  1. গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অফিশিয়াল 'নুসুক' অ্যাপ ডাউনলোড করুন।

  2. নাম, ই-মেইল, দেশ ও পাসপোর্ট নম্বরসহ সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন। ই-মেইলে আসা ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।

  3. অ্যাপের মেনু থেকে চ্যালেঞ্জ (Challenge) অংশে যান।

  4. প্রতিদিন একটি ডিজিটাল চাবি পাবেন। সেটি দিয়ে প্রশ্নের দরজা খুলে পছন্দের বিষয় বেছে নিন এবং প্রশ্নের সঠিক উত্তর দিন। সঠিক উত্তর দিলে আপনার নাম লটারির তালিকায় যুক্ত হবে।

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিযোগিতার লিংক শেয়ার করলে বাড়তি চাবি পাওয়া যায়, এতে জেতার সম্ভাবনাও বাড়ে।

সতর্ক থাকুন

শুধু অফিশিয়াল নুসুক অ্যাপের মাধ্যমেই অংশ নিন। 'ফ্রি ওমরাহ' নামে অপরিচিত কোনো ওয়েবসাইট, লিংক বা এজেন্টকে পাসপোর্টের তথ্য দেবেন না, টাকাও দেবেন না। অংশ নিতে কোনো টাকা লাগে না। প্রতিযোগিতার শেষ তারিখ ও শর্ত নিয়ে কিছু গণমাধ্যমে ভিন্ন তথ্য এসেছে, তাই অংশ নেওয়ার আগে অ্যাপে দেওয়া শর্তাবলি দেখে নিন।

তথ্যসূত্র: সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নুসুক অ্যাপ, আজকের পত্রিকা, ঢাকা টাইমস, দৈনিক বাংলা পোস্ট