২০২৭ সালের হজের প্রস্তুতি এগিয়ে নিতে সৌদি আরবের জেদ্দায় ৮ নভেম্বর শুরু হয়েছে ষষ্ঠ 'হজ সম্মেলন ও প্রদর্শনী'। চার দিনের এ আয়োজন শেষ হচ্ছে ১১ নভেম্বর। সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের হজ কার্যালয়, সেবাদাতা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ আগামী মৌসুমের চুক্তি ও ব্যবস্থাপনা চূড়ান্ত করছে।

হজ মিশনের কর্মীদের প্রশিক্ষণ

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশন অফিসের সদস্য ও দলনেতাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে সৌদি আরব ও বিদেশের ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। অংশগ্রহণকারীরা এসেছেন ১৫০টির বেশি দেশ থেকে।

প্রশিক্ষণের ১১টি ধারায় রয়েছে পরিবহন, আবাসন, খাবার, ভিড় ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং পবিত্র স্থানগুলোর সেবা। প্রশিক্ষণ পাওয়া কর্মীরা নিজ নিজ দেশের হজ কার্যালয়ের অন্যদেরও এসব শেখাবেন। সম্মেলনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিড় ব্যবস্থাপনা এবং 'অনুমতি ছাড়া হজ নয়' প্রচারণা তুলে ধরছে।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ৯ নভেম্বর সেখানে দুই দেশের হজ চুক্তি সই হয়েছে। তাতে বাংলাদেশের কোটা ৫ হাজার বেড়ে হয়েছে ৮৩ হাজার ৫০০ জন।

বাংলাদেশের হজ রোডম্যাপ

সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী সামনের গুরুত্বপূর্ণ ধাপগুলো:

  • ২৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত: সৌদি অংশের খরচ 'মাসার নুসুক' ই-ওয়ালেটে পাঠানো।

  • ২৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত: তাঁবু, মক্কা-মদিনার বাসা, খাবার ও পরিবহনের সেবা প্যাকেজ চুক্তি।

  • ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত: হজযাত্রীদের তথ্য মাসার নুসুকে আপলোড।

  • ২৮ জানুয়ারি ২০২৭: হজ ভিসা দেওয়া শুরু।

  • ৮ এপ্রিল ২০২৭: হজ ফ্লাইট শুরু।

  • ১৫ মে ২০২৭ (৯ জিলহজ): চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ।

তথ্যসূত্র: আরব নিউজ, বাসস, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আমার দেশ