পাতাটি খোলা হচ্ছে...
দেখতে ধর্মীয় শিক্ষক, আসলে এআই: সামাজিক মাধ্যমে লাখো অনুসারী, বাড়ছে প্রতারণার শঙ্কা
ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো 'ধর্মীয় শিক্ষক'দের লাখ লাখ অনুসারী তৈরি হয়েছে। এদের অনেকেই যে আসল মানুষ নয়, তা অনুসারীরা জানেন না। ধর্মীয় নেতারা বলছেন, এআই গবেষণায় সাহায্য করতে পারে, কিন্তু আলেম বা শিক্ষকের জায়গা নিতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি 'ধর্মীয় শিক্ষক'দের ভিডিও দ্রুত জনপ্রিয় হচ্ছে। এদের কেউ কেউ খোলাখুলি নিজেদের এআই বলে পরিচয় দেয়। কিন্তু অনেকের ক্ষেত্রে আসল মানুষ নাকি যন্ত্রের তৈরি চরিত্র, তা বোঝার উপায় থাকে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রিলিজিয়ন নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এমন কয়েকটি চরিত্রের কথা উঠে এসেছে।
অস্তিত্বহীন 'সন্ন্যাসী', ডিপফেক 'রাব্বি'
প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে বয়স্ক এক বৌদ্ধ সন্ন্যাসীর চেহারার একটি চরিত্রের অনুসারী ২৫ লাখের বেশি। ভিডিওতে সে সম্পর্ক, দুশ্চিন্তা ও খাদ্যাভ্যাস নিয়ে পরামর্শ দেয়। কিন্তু এমন কোনো মানুষের অস্তিত্বই নেই; চরিত্রটি এআই দিয়ে তৈরি। অ্যাকাউন্টটি থেকে বই ও 'নিরাময় কর্মসূচি' বিক্রি করা হয়। যুক্তরাষ্ট্রের এক বৌদ্ধ শিক্ষক অ্যাকাউন্টটি ঘেঁটে দেখে জানিয়েছেন, সেখানে কোথাও বলা নেই যে চরিত্রটি এআইয়ের তৈরি।
ইহুদি রাব্বির বেশে তৈরি আরেকটি এআই চরিত্র ইহুদিবিদ্বেষী পুরোনো ধারণা ছড়াচ্ছিল বলে অভিযোগ ওঠে। সরিয়ে নেওয়ার আগে ইনস্টাগ্রামে এর অনুসারী ১৫ লাখ ছাড়িয়েছিল।
পরিচয় জানিয়ে চলা 'শায়েখ এআই'
সব এআই চরিত্র অবশ্য পরিচয় লুকায় না। কানাডার ভ্যাঙ্কুভারভিত্তিক এক সুফি শিক্ষকের লেখা ও বক্তব্যের ভিত্তিতে তৈরি 'শায়েখ এআই' নামের চ্যাটবটটি শুরুতেই জানিয়ে দেয়, সে কোনো মানুষ বা ধর্মীয় কর্তৃপক্ষ নয়। তার উত্তরগুলো শুধু ওই শিক্ষকের অনুমোদিত লেখা ও উৎস থেকে নেওয়া।
২০২৪ সালে একটি ক্যাথলিক ওয়েবসাইট যাজকের বেশে এআই চরিত্র চালু করে সমালোচনার মুখে পড়েছিল। পরে চরিত্রটির নাম থেকে যাজকের উপাধি বাদ দেওয়া হয়।
শিক্ষকের জায়গা নিতে পারে না
প্রতিবেদনে কথা বলা বিভিন্ন ধর্মের নেতাদের কেউই এআইকে পুরোপুরি বাতিল করেননি। কেউ ধর্মগ্রন্থের উদ্ধৃতি খুঁজতে, কেউ গবেষণায় এআই ব্যবহার করেন। তবে তাঁদের মত, ধর্মীয় শিক্ষক কেবল তথ্য দেন না; নিজের জীবনে সেই শিক্ষা ধারণ করেন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। যন্ত্র সেই সম্পর্ক তৈরি করতে পারে না।
তাঁদের পরামর্শ, পর্দার ওপাশের 'শিক্ষক' যে কৃত্রিম, তা দর্শকের জানা থাকা সবচেয়ে জরুরি। ধর্মীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য আলেম বা প্রতিষ্ঠানের কাছ থেকে যাচাই করে নেওয়াই নিরাপদ।
তথ্যসূত্র: রিলিজিয়ন নিউজ সার্ভিস, প্রথম আলো



