দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এর মধ্যেই ব্যক্তিগত জীবন ও পছন্দের জীবনসঙ্গী নিয়ে মুখ খুলে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হন সাই পল্লবী। অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেন, কেমন পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাশে চান তিনি?

জবাবে সাই পল্লবী জানান, তার জীবনসঙ্গীকে অবশ্যই খাঁটি ও ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হন। পাশাপাশি নিজের ভুল বুঝতে পারা, আত্মবিশ্লেষণ করা এবং অন্যের ওপর দোষ না চাপিয়ে নিজের ভুল শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

তবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি শর্ত নেই বলেও জানান অভিনেত্রী। মুচকি হেসে তিনি বলেন, মানুষটি ভালো হওয়ার পাশাপাশি যদি রান্নাও ভালো করতে পারেন, তাহলে তো আরও ভালো!

অনুষ্ঠানে সাই পল্লবীর অভিনয়জগতে আসার বিষয়টিও উঠে আসে। ডাক্তারি পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, ঈশ্বরই যেন তার ভাগ্যে অভিনয়ের পথ তৈরি করে দিয়েছিলেন।

তার এমন উত্তরে কিছুটা বিস্মিত হন অমিতাভ বচ্চন। এ সময় রসিকতা করে রণবীর কাপুর বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ রণবীরের এমন মন্তব্যে হেসে ওঠেন উপস্থিত সবাই।

জীবনসঙ্গীর ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে ভালো মানুষ হওয়া, আত্মসচেতনতা ও দায়িত্বশীলতাকেই যে বেশি গুরুত্ব দেন সাই পল্লবী, তার বক্তব্যে সেটিই স্পষ্ট হয়ে উঠেছে। আর রান্না জানার বিষয়টি যোগ করে জীবনসঙ্গী নিয়ে তার পছন্দে এসেছে বাড়তি এক মিষ্টি মাত্রা।