যুক্তরাষ্ট্রের আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রথাগত 'ফ্যামিলি ফটো' বা গ্রুপ ছবি তোলার আয়োজন বাতিল করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কয়েকটি দেশ অস্বীকৃতি জানানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়, বর্জনের হুমকির মুখে আয়োজক যুক্তরাষ্ট্র ছবি তোলার পরিকল্পনা থেকে সরে আসে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বৈঠকে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ দেশ আগেই জানিয়ে দিয়েছিল, তারা রুশ প্রতিনিধির সঙ্গে ছবি তুলবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও একই অবস্থান নেয়।

'রাশিয়ার সঙ্গে কিছুই স্বাভাবিক নয়'

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে লাভরভের কোনো ফ্যামিলি ফটো হবে না, কারণ রাশিয়ার সঙ্গে সম্পর্কের কিছুই স্বাভাবিক নয়।

লাভরভের উপস্থিতিতেই উদ্বোধনী অধিবেশনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নৃশংস ও অবৈধ বলে নিন্দা করেন। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্ববাজারে প্রভাব ফেলেছে এবং খাদ্যনিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ করেছে।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকট মোকাবিলায় তিনি ঐক্যের আহ্বান জানান।

যৌথ বিবৃতির আশা কম

জি-২০ সদস্য দক্ষিণ আফ্রিকাকে এবারের বৈঠকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে কয়েকটি জি-২০ বৈঠকে আমন্ত্রিত ইউক্রেনকেও এবার ডাকা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুধু আনুষ্ঠানিক সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া জি-২০ সদস্যপদে পোল্যান্ডের আগ্রহের বিরোধিতা করছে রাশিয়া। এসব মতভেদের কারণে শনিবার বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি আসবে বলে আশা করছেন না অংশগ্রহণকারীরা।