নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর চার বছর বয়সী ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর ছেলে বিপুল।

কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে থাকলেও চালক পালিয়ে গেছেন।

নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।