মঙ্গল গ্রহ থেকে ছিটকে আসা একটি প্রাচীন শিলার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। 'তেঘাজা ০০১' নামের উল্কাটির বয়স অন্তত ৪১০ কোটি বছর। অর্থাৎ মঙ্গল গ্রহের জন্মের প্রথম ৪০ কোটি বছরের মধ্যেই এটি তৈরি হয়েছিল। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে গত অক্টোবরের শেষ দিকে এ গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ইয়াং লিউ। তিনি বলেছেন, এটি মঙ্গলের অত্যন্ত বিরল ও প্রাচীন একটি উল্কা। এর রাসায়নিক গঠন বলছে, শিলাটি মঙ্গলের এমন এক ভূত্বকীয় অঞ্চল থেকে এসেছে, যেখানকার কোনো নমুনা আগে পাওয়া যায়নি।

লবণের সমভূমিতে আবিষ্কার

২০২২ সালে মালির তেঘাজা এলাকার একটি লবণ সমভূমিতে উল্কাসন্ধানীরা গোলাপি আভার শিলাটি খুঁজে পান। জায়গার নামেই এর নাম রাখা হয়। উল্কাটির মোট আটটি খণ্ড পাওয়া গেছে, যেগুলোর মোট ওজন প্রায় ৭৯৯ গ্রাম। সবচেয়ে বড় খণ্ডটির ওজন ৪৪২ গ্রাম।

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহে কোনো গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে শিলাটি মহাশূন্যে ছিটকে পড়েছিল। দীর্ঘ সময় সূর্যের চারদিকে ঘোরার পর একসময় পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে এখানে এসে পড়ে।

জিরকন স্ফটিকে বয়স নির্ণয়

গলিত শিলা ঠান্ডা হলে জিরকন নামের এক ধরনের স্ফটিক তৈরি হয়, যা শিলার বয়স নির্ণয়ে সময়ের খাতার মতো কাজ করে। উল্কাটির জিরকন বিশ্লেষণ করে এর বয়স পাওয়া গেছে প্রায় ৪১১ কোটি বছর। তবে পরে কোনো উত্তাপে এই 'ঘড়ি' নতুন করে শুরু হয়ে থাকতে পারে, তাই শিলাটি আরও পুরোনোও হতে পারে।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা লেজার দিয়ে নমুনার অতি ক্ষুদ্র অংশ বিশ্লেষণের একটি পদ্ধতি ব্যবহার করেছেন। এতে বয়স নির্ণয়ের সময় এক মাস থেকে কমে এক দিনে নেমেছে, আর মূল নমুনার বেশির ভাগই ভবিষ্যৎ গবেষণার জন্য অক্ষত রয়েছে।

পানির প্রমাণ

শিলাটি আগ্নেয় ব্যাসল্ট ধরনের। বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৪১০ কোটি বছর আগে এটি মঙ্গলের পানির সংস্পর্শে এসেছিল। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী কেন শুকিয়ে যায়নি অথচ মঙ্গল কেন শুষ্ক হয়ে গেল, এবং গ্রহের বাসযোগ্যতা কীভাবে তৈরি হয়, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে এ আবিষ্কার সাহায্য করবে। মঙ্গলের দক্ষিণের উচ্চভূমিতে এমন ১৩টি জায়গাও চিহ্নিত করেছেন গবেষকেরা, যেখান থেকে শিলাটি আসতে পারে।

তথ্যসূত্র: সায়েন্স, সিএনএন, লাইভ সায়েন্স, প্রথম আলো