কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহকারীকে কম্পিউটারের ফাইলে কাজ করার সুযোগ দিলে কী ঝুঁকি থাকতে পারে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের এক অধ্যাপকের অভিজ্ঞতায়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অ্যানথ্রপিকের এআই সহকারী ক্লড তাঁর সংবিধানবিষয়ক আইনের এক বছরের লেকচার নোট এবং ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের চূড়ান্ত পাঠ্যসূচির ফাইল মুছে ফেলেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডেক্সার্তোসহ কয়েকটি সংবাদমাধ্যমে ঘটনাটি গত ৫ নভেম্বর প্রকাশিত হয়।

নির্দেশ ছিল শুধু পৃষ্ঠাসংখ্যা ঠিক করা

অধ্যাপক বাউড জানান, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে তিনি ক্লডকে পুরোনো এক সেট লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে বলেছিলেন। ফাইল গোছানো বা নতুন করে সাজানোর কোনো নির্দেশ তিনি দেননি। ফিরে এসে দেখেন, গুরুত্বপূর্ণ কয়েকটি ফোল্ডার আর নেই।

ক্লডের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, এআই সহকারীটি নিজেই ভুল করে ফাইল মুছে ফেলার কথা স্বীকার করছে এবং জানাচ্ছে, ফাইলগুলো তখনো ফেরানো যায়নি। ড্রপবক্স থেকে ফাইলগুলো পুনরুদ্ধার করা যায় কি না, সেটিও জানতে চায় সে।

সতর্ক করতেই প্রকাশ্যে আনা

পরে আরেক পোস্টে অধ্যাপক বাউড জানান, ড্রপবক্সের পুরোনো সংস্করণ রাখার সুবিধা কাজে লাগিয়ে তিনি সব ফাইল ফিরে পেয়েছেন। তবে অন্যদের সতর্ক করার জন্য ঘটনাটি প্রকাশ্যে জানানো দরকার মনে করেছেন।

ঘটনার সময় ক্লডের কোন সংস্করণ ব্যবহার করা হচ্ছিল, তা জানাননি অধ্যাপক বাউড। ঠিক কী কারণে ফাইলগুলো মুছে গিয়েছিল, তাও জানা যায়নি।

এআই সহকারীরা এখন অনেকের কম্পিউটারে সরাসরি ফাইল পড়া, লেখা ও বদলানোর কাজ করছে। এ ঘটনা মনে করিয়ে দিল, এমন সহকারীকে কাজ দেওয়ার আগে গুরুত্বপূর্ণ ফাইলের আলাদা ব্যাকআপ রাখা কতটা জরুরি।

তথ্যসূত্র: ডেক্সার্তো, ইন্ডিয়া টুডে, প্রথম আলো