পাতাটি খোলা হচ্ছে...
গুগলের নতুন এআই মডেলে তৈরি হবে ১৫ সেকেন্ডের ভিডিও, লিখে নির্দেশ দিলেই সম্পাদনা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরির নতুন মডেল 'জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ' উন্মোচন করেছে গুগল। এতে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে, আর তৈরি ভিডিওর নির্দিষ্ট অংশ বদলানো যাবে সাধারণ ভাষায় লিখে। গুগলের দাবি, খরচ কমেছে ৩০ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিও তৈরির নতুন মডেল এনেছে গুগল। 'জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ' নামের এই মডেল দিয়ে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। আগের সংস্করণ জেমিনাই ওমনি ১.১-এ এই সীমা ছিল ১০ সেকেন্ড।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ব্লগ পোস্টে মডেলটি উন্মোচনের ঘোষণা দেয় গুগল। ডেভেলপাররা এখন জেমিনাই এপিআই ও গুগল এআই স্টুডিওর মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারছেন। প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এটি পাওয়া যাচ্ছে গুগল ক্লাউডে।
দৈর্ঘ্য বেছে নেওয়া যাবে, খরচ কম
নতুন মডেলে ভিডিওর দৈর্ঘ্য ৩ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডের হিসাবে বেছে নেওয়া যাবে। গুগল জানিয়েছে, আগের সংস্করণের তুলনায় ভিডিও তৈরির খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে। ৭২০পি রেজল্যুশনের ভিডিও তৈরিতে প্রতি সেকেন্ডে খরচ পড়বে ৭ মার্কিন সেন্ট।
লিখে নির্দেশ দিলেই বদল
মডেলটির বড় সুবিধা হলো লিখিত নির্দেশনা দিয়ে ভিডিও সম্পাদনা। কোনো দৃশ্যে সামান্য পরিবর্তনের জন্য পুরো ভিডিও নতুন করে বানাতে হবে না। সাধারণ ভাষায় লিখে ভিডিওর পণ্য বদলানো, পেছনের দৃশ্য পাল্টানো, আলো বা আবহাওয়ার ধরন বদলানো এবং ভিডিওর দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত পরিবর্তন করা যাবে। একাধিক ধাপে কথোপকথনের মতো করেও সম্পাদনা করা যাবে।
ভিডিও তৈরির সময় নমুনা হিসেবে চরিত্র, পণ্য ও দৃশ্যের ছবি দেওয়া যাবে। সঙ্গে দেওয়া যাবে সর্বোচ্চ তিন সেকেন্ডের ভিডিও ক্লিপ ও শব্দের নমুনা। গুগলের ভাষ্য, এতে ক্যামেরার কোণ বদলালেও বিভিন্ন দৃশ্যে মানুষের চেহারা, পোশাক, পণ্যের মোড়ক ও ব্র্যান্ডের রং একই রকম রাখা সহজ হবে।
শব্দ ও ক্যামেরায়ও বদল
নতুন মডেলে সংলাপ আগের চেয়ে স্বাভাবিক শোনাবে বলে দাবি গুগলের। কথার সঙ্গে ঠোঁটের নড়াচড়ার মিল বাড়ানো হয়েছে, একাধিক বক্তার জন্য আলাদা কণ্ঠও তৈরি করা যাবে। ক্যামেরার গতিবিধি নিয়ন্ত্রণেও কিছু নতুন সুবিধা যোগ হয়েছে, যেমন কোনো জায়গার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া, ধীরে দূরে সরে আসা কিংবা কোনো বস্তুর চারপাশে ঘোরার দৃশ্য।
বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে এসব সুবিধা আনা হয়েছে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যায়ক্রমে ফ্লো ও গুগল ভিডসের মতো সেবাতেও নতুন মডেলটি যুক্ত করা হবে।
তথ্যসূত্র: গুগল ব্লগ, অ্যান্ড্রয়েড অথরিটি, প্রথম আলো



