পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার পথ তৈরিতে পরামর্শ দেবেন আমিনুল।

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের টেস্ট অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম খেলোয়াড়ি জীবন শেষে আইসিসিতে দীর্ঘদিন কাজ করেছেন। পরে বিসিবির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

তথ্যসূত্র: লাহোর কালান্দার্স, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম