কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ বৃহস্পতিবার তৃতীয় দিনে গড়িয়েছে। লোড-আনলোড বন্ধ থাকায় বন্দরে প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক আটকে আছে।

আন্দোলনকারীদের অভিযোগ, তুচ্ছ বিষয়ে হয়রানি করা হচ্ছে, কারণ ছাড়াই কার্ড আটকে রাখা হচ্ছে এবং ফাইল জমার পর নতুন জটিলতা তৈরি করা হচ্ছে। আগাম ঘোষণা ছাড়া নতুন নিয়ম চাপানো, কর্মকর্তাদের অশোভন আচরণ এবং নিয়মের বাইরে অতিরিক্ত কর ও জরিমানা আদায়ের অভিযোগও তুলেছেন তাঁরা। তাঁদের আরেকটি অভিযোগ, কোনো আমদানিকারকের ২০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক থাকলে কারণ ছাড়াই সবগুলো পানামা পোর্টের ভেতরে নিয়ে আনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে, এতে খরচ বাড়ছে।

অনিয়ম বন্ধ ও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহা. মবিন মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনারের প্রতিনিধি ও যুগ্ম সচিবসহ কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা। প্রতিনিধিদল রাজশাহী থেকে রওনা হয়েছে শুনেছেন, তবে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা বন্দরে পৌঁছাননি। অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা না করলেও দাবিগুলোকে যৌক্তিক বলছে।

সোনামসজিদ পানামা পোর্টের ম্যানেজার মোহা. মাইনুল ইসলাম বলেন, কাস্টমস কর্তৃপক্ষ আলোচনার জন্য ডেকেছিল, কিন্তু কমিশনার বা যুগ্ম সচিব পর্যায়ের কেউ না এলে কর্মচারীরা বসতে রাজি হননি। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কমিশনার মোহা. মাসুদ রানার বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আজকের বাংলাদেশ